শনিবার ভোর ৫টায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হোসেন (১৮) নামের ঐ গুরুতর আহত যুবক।
নিহত হোসেনের বড় বোন মোমেনা আক্তার বলেন, আমার ভাই একটি সোনার দোকানে কাজ করত। গতকাল শুক্রবার (১৩ মে) সকাল ৯টায় বাসা থেকে সোনার দোকানে যাওয়ার সময় পথে কয়েকজন তাকে গতিরোধ করে ছুরিকাঘাত করে। এ সময় তার কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
.png)
পড়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন।
ঢাকা মেডিকেলে আইসিইউ বেড ফাঁকা না থাকায় আমরা দ্রুত ধানমন্ডির একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করি। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায়। ছিনতাইকারীদের হামলায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, রায়ের বাজার এলাকায় এলেক্স ইমন এবং ডাইল্লা হৃদয়ের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে।