রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. হোসেন (১৮) হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজিব পাটোয়ারী। তিনি বলেন, এরা হলেন- হৃদয় ওরফে ডাইল্লা হৃদয়, ছলে ওরফে সালমান দেওয়ান ও আরিফ।
.png)
মো. মুজিব পাটোয়ারী বলেন, রায়ের বাজার এলাকায় এলেক্স ইমন ও ডাইল্লা হৃদয়ের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার (১৩ মে) ছুরিকাঘাতে গুরুতর আহত হয় হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় হোসেন। সে এলেক্স ইমন গ্রুপের সদস্য ছিল। পরে আমরা এলেক্স ইমনকে গ্রেফতার করি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
তিনি বলেন, গ্রেফতার আসামিরা স্বীকার করেছে যে হৃদয় ওরফে ডাইল্লা হৃদয়ের নির্দেশে তারা হোসেনকে ছুরিকাঘাত করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় জড়িত আরো দুজনকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।