ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশার উৎস খুঁজতে শনিবার থেকে ড্রোন অভিযান: মেয়র আতিক 

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৫:০১, ৩০ জুন ২০২২
মশার উৎস খুঁজতে শনিবার থেকে ড্রোন অভিযান: মেয়র আতিক 
ড্রোনের সাহায্যে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশার উৎস খুঁজতে আগামী শনিবার (২ জুলাই) থেকে ১০ দিনব্যাপী ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে ড্রোনের সাহায্যে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন,  আগামী ২ থেকে ১১ জুলাই ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসা-বাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

Advertisement

তিনি আরো বলেন, ড্রোন থেকে ছবি তুলে তথ্য-উপাত্ত নিয়ে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যায় তার একটি তথ্যভাণ্ডার তৈরি করবে সিটি কর্পোরেশন। যা তারা আগামী বছর কাজে লাগাবে।

অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য অধিদফতর, রাজধানীর হাসপাতাল ও রোগীদের ডেঙ্গুর বিষয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

মেয়র আতিকুল বলেন, বিশেষ করে আমি ডেঙ্গু আক্রান্তদের অনুরোধ করবো আপনাদের সঠিক ঠিকানা দিন। আমরা আপনাদের জরিমানা করবো না। আমরা শুধু ঐ বাসায় গিয়ে আশেপাশে মশার কীটনাশক ছিটিয়ে দেব। কিন্তু আপনি যদি ভুল তথ্য দেন তাহলে তো আমরা সঠিকভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে পারবো না।

মেয়র জানান, তারা নোভালিউরন নামে ট্যাবলেট জলাশয় ও বাসাবাড়ির পানির মিটারে ব্যবহার করবেন- যা তিনমাস পর্যন্ত পানিতে মশার জন্মনিয়ন্ত্রণ করবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আতিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!