পরিবেশ রক্ষায় দায়িত্বশীল আচরণ করতে হবে: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বুধবার সন্ধ্যায় দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) উদ্যোগে ও ডিএনসিসির সহযোগিতায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘টুগেদার ফর ক্লাইমেট’ শীর্ষক জলবায়ু বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে বন্যা, ঘূর্ণিঝড় এবং উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতিদিন দুই হাজার লোক ঢাকায় চলে আসেন। নগরবাসী পরিবেশগত বিরূপ প্রভাব অনুভব করছে।
.png)
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এবং মাইগ্রেশনের মতো বৈশ্বিক সমস্যার সরাসরি প্রভাব পড়ে শহরের উপর। জলাধার উদ্ধার প্রকল্প থেকে শুরু করে পার্ক ও খেলার মাঠ নির্মাণের মতো বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জলবায়ু বিপর্যয় মোকাবিলা করে টেকসই শহর গড়ে তুলতে উদ্ভাবনী সমাধানের জন্য প্রাইভেট সেক্টর, ডেভেলপমেন্ট পার্টনার এবং জনগণের সঙ্গে আমাদের একত্রে কাজ করতে হবে।
মেয়র আতিক বলেন, সিটি কর্পোরেশনকে হস্তান্তরের পর থেকে আমরা খালগুলো উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। খালগুলো উদ্ধার করতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন বাসা-বাড়ি এবং অন্যান্য ভবনের পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সারফেস ড্রেন ও খালে দেওয়া হয়েছে। এর ফলে খালের পানির পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে।
ডিএনসিসি মেয়র বলেন, আমরা নিয়মিত খাল ও ড্রেন পরিষ্কার করছি। কিন্তু বাসা-বাড়ির পয়ঃবর্জ্যের লাইন খালে সংযোগ দেওয়ায় খালের পানিকে দূষিত হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না। পয়ঃবর্জ্যের লাইন সারফেস ড্রেন অথবা খালে দেওয়া যাবে না।
একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, এইচএসবিসি বাংলাদেশ-এর সিইও মো. মাহবুব-উর রহমান ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা।