১২ ঘণ্টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণ: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সবার সহযোগিতায় ১২ ঘণ্টার আগেই উত্তর সিটির কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ সম্ভব হয়েছে।
সোমবার রাজধানীর গুলশানে নগর ভবনের হল রুমে ডিএনসিসির কোরবানির বর্জ্য অপসারণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, এবারের ঈদের মতো আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি কর্পোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে।
.png)
সংবাদ সম্মেলনে মেয়র জানান, এ বছর পরীক্ষামূলকভাবে ডিএনসিসির তিনটি ওয়ার্ডের ৯টি নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া হয়েছে। ঈদের দিন ডিএনসিসি ৭নং ওয়ার্ডের সাতটি নির্দিষ্ট স্থানে প্রায় ৬ হাজার পশু কোরবানি দেওয়া হয়। দুপুরের মধ্যেই ৭নং ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়। নির্দিষ্ট সময়ের আগে বর্জ্য অপসারণে প্রথম হওয়ায় ওয়ার্ডটিতে পুরস্কার হিসেবে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।
আতিকুল বলেন, আগামীতে সিটি কর্পোরেশন থেকে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের প্যান্ডেলের ব্যবস্থা করে দেওয়া হবে। গোশত বাসায় পৌঁছে দিতে গাড়ির ব্যবস্থাও করা হবে। রাস্তা-ফুটপাতে ও যেখানে-সেখানে কোরবানি দেবেন না। আশা করি, দায়িত্ব নিয়ে প্যান্ডেলে এসে পশু কোরবানি দেবেন।
ডিএনসিসি মেয়র বলেন, আধুনিক জবাইখানা নির্মাণের জন্য দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে। গাবতলী স্থায়ী পশুর হাটের পাশেই উন্নত দেশের মতো আধুনিক জবাইখানা নির্মাণ করারও পরিকল্পনা রয়েছে।