ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

এডিসের লার্ভা পেলেই মামলা: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৩৭, ২০ জুলাই ২০২২
এডিসের লার্ভা পেলেই মামলা: মেয়র আতিক
ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচার অভিযানে কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

বাসা-বাড়ি ও যেকোনো ভবনে এডিসের লার্ভা পেলে মামলা ও জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার ডিএনসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন খিলবাড়িরটেক এলাকায় ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচার অভিযানে এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, সিটি কর্পোরেশন নিয়মিত ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। ড্রোন ব্যবহার করে ছাদে জমে থাকা পানি ও মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করা হচ্ছে। এরপরও বাসা-বাড়ি ও যেকোনো ভবনে এডিসের লার্ভা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।

Advertisement

মেয়র বলেন, ডিএনসিসি ডেঙ্গুর প্রকোপ নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে এটা সম্ভব নয়, পুরোপুরি নির্মূলের জন্য জনগণকেও দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে চলমান আবহাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায়ই বৃষ্টি হচ্ছে এবং পরক্ষণেই রোদ হচ্ছে। এমন আবহাওয়ায় এডিস মশা বাড়ে। তাই আমি জনগণকে আহ্বান করছি আপনারা এই সময়টায় অনেক বেশি সতর্ক থাকুন।

ডেঙ্গু আক্রান্ত হলে সিটি কর্পোরেশনকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ঠিকানাসহ বিস্তারিত তথ্য দিন। তথ্য পেলে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার ব্যবস্থা নেয়া সহজ হবে।

প্রচার অভিযানে ডিএনসিসি মেয়র ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ির ছাদে পানি জমে আছি কিনা অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেটি সশরীরে পরিদর্শন করেন। জনসচেতনতা বাড়াতে তিনি রোড শোতে অংশ নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
ট্যাগ: আতিক মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!