ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চকবাজারে ঘরে ঢুকে বৃদ্ধকে খুন, মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৪, ১৮ নভেম্বর ২০২২
চকবাজারে ঘরে ঢুকে বৃদ্ধকে খুন, মালামাল লুট
ফাইল ফটো

রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান লেনের একটি বাড়িতে ঢুকে বৃদ্ধকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঐ বাড়ির মালিক হাজী মনসুর আহমেদের (৭৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মনসুরের ছেলে সারোয়ার আহমেদ বলেন, খাজে দেওয়ান প্রথম লেনের ৬৯/২ নম্বর ৬ তলা বাড়িটি তাদের। দ্বিতীয় তলায় থাকতেন মনসুর ও তার স্ত্রী। সারোয়ারের ২ ভাই ও ১ বোন অন্য তলায় থাকেন। গত রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। মনসুর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি বাড়িতেই ছিলেন। 

Advertisement

তিনি বলেন, রাত ১২টার দিকে বাড়ি ফিরে ধাক্কা দিয়ে দরজার লক খুলে তারা ভেতরে ঢোকেন। ঘরের ভেতরে মনসুরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে দেখেন, তার হাত-পা বাঁধা ছিল। ঘরের জিনিসপত্র এলোমেলো, আলমিরা ও শোকেস তছনছ অবস্থায় ছিল।

এদিকে ঘরে কত টাকা ও কী পরিমাণ স্বর্ণালংকার ছিল, তা জানাতে পারেননি সারোয়ার আহমেদ। অন্যদিকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!