ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৬, ৩০ নভেম্বর ২০২২
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই: মেয়র আতিক
থাইল্যান্ডে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে গ্লোবাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেন্টার লঞ্চ অনুষ্ঠানে কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শহর বাঁচাতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। প্রতিটি ভবনে ও বাড়িতে জেনারেটর, এসি ও অন্যান্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট ঠিকই স্থাপন করা হয়। কিন্তু কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য ভবনে ইটিপি স্থাপন করা হয় না।

তিনি বলেন, পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি বৃষ্টির পানি নামার সারফেস ড্রেন দিয়ে শহরের খাল ও জলাশয় দূষণ করছে। শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার জন্য পয়ঃবর্জ্যের উৎপত্তিস্থলে ব্যবস্থাপনা প্রয়োজন।

বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে গ্লোবাল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেন্টার লঞ্চ অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

Advertisement

তিনি বলেন, শহরের পরিবেশ রক্ষায় নগরবাসীকে নিজস্ব উদ্যোগে বাসাবাড়িতে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। এ বিষয়ে ডিএনসিসিতে আমরা ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন অঞ্চলের সোসাইটিগুলোর প্রতিনিধিদের নিয়ে সভা ও ওয়ার্কশপ করেছি। তাদের নিজ নিজ এলাকায় জনগণকে সচেতন করার নির্দেশ দিয়েছি। খালে বা সারফেস ড্রেনে পয়ঃবর্জ্য নিষ্কাশনের সংযোগ পাওয়া গেলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তা বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরো বলেন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সংযুক্ত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা সমাধান সম্ভব। পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ইকুইপমেন্ট বাজারে সহজলভ্য করতে হবে।

এ সময় কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থার জন্য জনগণের মানসিক পরিবর্তন খুবই জরুরি বলে উল্লেখ করেন তিনি।

সবশেষে ডিএনসিসি এলাকায় আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগী সংগঠনগুলোকে গবেষণা ও কারিগরি সহায়তা দেওয়ার আহ্বান জানান মেয়র মো. আতিকুল ইসলাম। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!