ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১১ ডিসেম্বর ২০২২
রাজধানীতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার দশ তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. খালিদ হাসান (১৮)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় খালিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিদ হাসানকে নিয়ে আসা সহকর্মী জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, নির্মাণাধীন ভবনের দশ তলায় কাজের সময় অসাবধানতাবশত সিঁড়ি থেকে নিচে পড়ে যান খালিদ। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদুল ইসলাম বলেন, নির্মাণাধীন সেই ভবনেই বসবাস করত খালিদ। তিনি রংপুর জেলার গংগাচড়া থানার ছড়াবাড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে।

Advertisement

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শাহজাহানপুর থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!