ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দুই সন্তান নিয়ে পালানোর চেষ্টা, সেই জাপানি মা আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ২৪ ডিসেম্বর ২০২২
দুই সন্তান নিয়ে পালানোর চেষ্টা, সেই জাপানি মা আটক
দুই সন্তানসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক জাপানি নারী নাকানো এরিকো- ছবি: সংগৃহীত

দুই সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সেই জাপানি নারী নাকানো এরিকো। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে স্বামী ইমরান শরীফকে না জানিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

দেশজুড়ে আলোচিত ইমরান-এরিকো দম্পতি। তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর দুজনেই নিজের কাছে সন্তানদের রাখতে চান। পরে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

গত বছরের ২১ নভেম্বর রায় দেন হাইকোর্ট জাপানি দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে। রায়ে বলা হয়, জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে। তবে অতিরিক্ত সময় যাওয়া-আসা করলে তা মাকেই বহন করতে হবে।

Advertisement

এরই মধ্যে ইমরানকে না জানিয়েই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে চেপে দুই সন্তান নিয়ে জাপান চলে যেতে চেয়েছিলেন এরিকো। পরে শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ইমরান শরীফ জানান, গোপনে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন তার জাপানি স্ত্রী। এই ঘটনায় তাকে সহযোগিতা করেছেন দুই বন্ধু নাসরিন নাহার ও নাজমুল। বিমানবন্দর কর্তৃপক্ষকে অবগত করলে তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। পরে তিনি সেখানে উপস্থিত হয়ে উচ্চ আদালতের আদেশ দেখানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

এর আগে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে তাদের মা নাকানো এরিকো উচ্চ আদালতে আবেদন করেন। চলতি বছরের ২ জুন সেই আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনও খারিজ করে দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেই আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!