ফেব্রুয়ারিতে ডিএনসিসির উদ্যোগে ৩ দিনের ‘কৃষি বাণিজ্য মেলা’
নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে ‘কৃষি বাণিজ্য মেলা’আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর আমিনবাজারে নবনির্মিত ‘ডিএনসিসি পাইকারি কাঁচাবাজার’ প্রাঙ্গণে আগামী ৩-৫ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ডিএনসিসির তত্ত্বাবধানে বাংলাদেশের কৃষি ভ্যালুচেইনের সকল অংশীদারদের অংশগ্রহণে প্রথমবারের মতো এই কৃষি বাণিজ্য মেলার আয়োজন বাস্তবায়ন করবে এগ্রি-টেক স্টার্টআপ দেশীফার্মার লিমিটেড।
.png)
সম্প্রতি ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলাম এবং দেশীফার্মার লিমিটেড এর চেয়ারম্যান সুমাইয়াহ মৌসিনিন এক বৈঠকে মেলা আয়োজনের সিদ্বান্ত নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মেলায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা কৃষি পণ্যের বাজার দরে স্থিতিশীলতা, নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কৃষিপণ্য প্রক্রিয়া ও নিরাপদে সংরক্ষণের প্রক্রিয়া ও সকল সুযোগ সুবিধা সম্পর্কে সম্মক ধারণা পাবেন। কৃষি খাতের সংশ্লিষ্ট সকল অংশীজনদের এক ছাদের তলায় নিয়ে আসতেই মেলার আয়োজন।