ডিএসসিসির সব জনসমাগমস্থল হবে তামাকমুক্ত: মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন খেলার মাঠ, পার্ক, বাস টার্মিনালসহ সব জনসমাগমস্থলকে আইন অনুযায়ী তামাকমুক্ত করার উদ্যোগ নেয়া হবে। এজন্য বিদ্যমান আইনি কাঠামোর আওতায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার ডিএসসিসির নগর ভবনে মাদকবিরোধী সংগঠন প্রত্যাশাসহ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশিকার আলোকে এবং আইনি কাঠামোর অধীনে তামাকজাত দ্রব্য বিক্রেতাদের জন্য বাণিজ্য অনুমতির আওতায় নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
এর মাধ্যমে তামাকের ব্যবহার কমে আসবে এবং তামাকজাত দ্রব্য বিক্রেতাদেরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিজ অব সোসাইটির উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার মহাসচিব হেলাল আহমেদ, এইড ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সাগুফতা সুলতানা প্রমুখ।