গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনে যা ছিল
রাজধানীর গুলিস্তানের সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় শতাধিক মানুষ। আহতদের মধ্যে রয়েছেন- বাসযাত্রী, পথচারী, বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাসহ স্থানীয় বেশ কয়েকজন।
রাজধানীর গুলিস্তানে সাততলা ভবনের ভয়াবহ বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি কত তলা থেকে বিস্ফোরণ হয়েছে, তাও জানা যায়নি।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের ঐ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের বেশ কয়েকটি ভবনও।
.png)
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা বিশিষ্ট এই ভবনের নীচ তলায় ছিল স্যানেটারি দোকান। এই তলায় ৮ থেকে ৯ টি দোকান ছিল। বিস্ফোরণের পর সবগুলো দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল এই দোকানগুলোর গোডাউন। আর চতুর্থ তলা থেকে ৭ তলা পর্যন্ত ছিল আবাসিক বাসা-বাড়ি। তবে এই ভবনে কতজন মানুষের বা পরিবারের বসবাস ছিল তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, সঠিকভাবে জানা না গেলেও বিস্ফোরণে কয়েক কোটির টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আসলে জানা যাবে, কার কেমন ক্ষতি হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় পাশের ভবনের ক্ষতিগ্রস্ত বেসরকারি ব্র্যাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে, আহতদের জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো ভবনই ধসে পড়েনি।