ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ১৩ মার্চ ২০২৩
ঢাকা টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করলো ডিএসসিসি
ছবি: সংগৃহীত

ঢাকা মহনগরীর পর্যটন শিল্পকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘এক নজরে উপস্থাপন’ করার লক্ষ্যে টুরিস্ট গাইড ম্যাপ সংকলন-প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কর্পোরেশনের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করা হয়।

ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, ঢাকায় অনেক পর্যটক বিশেষত বিদেশি পর্যটকরা আসেন। কিন্তু তারা কোথায় যাবেন, কি পরিদর্শন করবেন, কিভাবে সেসব জায়গা বা স্থাপনায় যাতায়াত করা যাবে, ঢাকার বিমান-রেল-সড়ক অন্তর্জাল কোথায় কোথায় অবস্থিত ইত্যাদি বিষয়কে সন্নিবেশিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই টুরিস্ট গাইড ম্যাপ সংকলন ও প্রকাশ করেছে। সবাই যেন সহজেই বুঝতে ও ব্যবহার করতে পারেন, সেভাবেই আমরা এটা তৈরি করেছি। এই গাইড ম্যাপের সাহায্যে পর্যটকরা ঢাকার সবকিছু এক নজরেই সহজে বুঝতে পারবেন।

Advertisement

ঢাকার পর্যটন শিল্পকে বিদেশি পর্যটকদের কাছে সহজে উপস্থাপনে এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ জানিয়ে তিনি বলেন, ঢাকা কেন্দ্রিক পর্যটন শিল্পকে উৎসাহিত ও আকর্ষণ করার লক্ষে সারাবিশ্বের ন্যায় ইংরেজি ভাষায় আমরা এই টুরিস্ট গাইড ম্যাপ প্রকাশ করেছি। আমরা চাই, বহুজাতিক কোম্পানি পরিচালিত হোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সবাই এই গাইড ম্যাপ ব্যবহার করবেন। আমরা আশাবাদী যে, এই গাইড ম্যাপের সাহায্যে ঢাকাকেন্দ্রিক পর্যটন শিল্পের বহুমাত্রিক বিকাশ ঘটবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!