[ রাজধানী ]
উত্তরা থেকে শ্রীলংকান নাগরিকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এক শ্রীলংকান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪)। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতাহনিত কারণে মৃত্যু হয়েছে তার।
সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/এ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, উত্তরার ঐ বাসায় বছরের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন সুজিওয়া। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যান। এরপর থেকে তিনি একাই ছিলেন ঐ বাসায়।
এসআই আরো উল্লেখ করেন, সোমবার বেলা ১১টার দিকে মৃতের বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ তার রুমের দরজা নক করেন। তবে কোন সাড়াশব্দ না পেয়ে নিজের রুমে চলে যান। বেলা ১২টার দিকে আবার দরজা নক করেন। তখনো সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে গিয়ে দেখেন, মেঝেতে পড়ে আছেন ঐ ব্যক্তি। পরে বাসার নিরাপত্তাকর্মীর মাধ্যমে থানায় খবর দেন।
.png)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!