ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উৎসবের পোশাকের ভিন্নধর্মী ফ্যাশন ‘ফ্যামিলি প্যাকেজ’

জাহিদ রনি
প্রকাশিত: ১৫:৪২, ১১ এপ্রিল ২০২৩
উৎসবের পোশাকের ভিন্নধর্মী ফ্যাশন ‘ফ্যামিলি প্যাকেজ’
আজিজ সুপার মার্কেট। ছবি: ডেইলি বাংলাদেশ

নিত্য-নতুন ফ্যাশন ও ট্রেন্ডি পোশাকের জন্য রাজধানীর আজিজ সুপার মার্কেট তরুণদের কাছে বেশ আগে থেকেই জনপ্রিয়। উৎসবকে কেন্দ্র করে বরাবরই এই মার্কেটের ফ্যাশন হাউজগুলো নানা আয়োজনে ভরে যায়। এবার ঈদ ও বাংলা নববর্ষকে কেন্দ্র করে পোশাকে সব বয়সীদের কথা চিন্তা করে আনা হয়েছে ‘ফ্যামিলি প্যাকেজ’।

আজিজ সুপার মার্কেটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে উৎসবে পরিবারের সব সদস্যরা মিলে একই রং ও নকশার পোশাক পড়তে পছন্দ করেন। এর চাহিদাও ভালো। তাই কেউ কেউ এটাকে ‘ফ্যামিলি প্যাকেজ’ নাম দিয়েছেন। এই প্যাকেজের দাম দুই হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে।

সোমবার সরেজমিনে আজিজ সুপার মার্কেট ঘুরে দেখা গেছে, দেশীয় কাপড় ও নকশায় নিম্ন-মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত সব শ্রেণির ক্রেতার কথা মাথায় রেখেই পণ্যের পসরা সাজানো হয়েছে। ফ্যাশন হাউজগুলোতে ব্যাক্সি ফেব্রিক্স, কটন, খাদি, সিল্কসহ বিভিন্ন কাপড়ের ওপর নানা নকশা আর কারুকাজের পোশাক সরবরাহ করেছেন। কোনো কোনো ফ্যাশন হাউজ জোর দিয়েছে সম্পূর্ণ হাতের কাজের ওপর। কোনোটা আবার প্রিন্টের ওপর।

Advertisement

তবে মার্কেটের দোতলায় ক্রেতার খুব একটা চাপ নেই। দুই একজন আসছেন, দেখছেন, ঘুরে ঘুরে কিনছেন। আবার কেউ না কিনে চলে যাচ্ছেন। তাই বেশিরভাগ দোকানে বিক্রেতাকে অলস সময় পার করতে দেখা গেছে।

জানতে চাইলে সেল শোরুমের ম্যানেজার তারেক জানান, সামনের দিনগুলোতে বেচাকেনা বাড়বে। ঈদ ও পহেলা বৈশাখ একসঙ্গে হওয়ায় পাঞ্জাবির চাহিদা তুলনামূলক বেশি। পাঞ্জাবি ছাড়াও আমাদের শোরুমে ছোট-বড়দের টিশার্ট, ফুল হাতা টিশার্ট, পোলো শার্ট, ফুল হাতা পোলো শার্ট, হাফ হাতা ও ফুল হাতা শার্ট, পাঞ্জাবি, কটি, পায়জামা পাওয়া যায়। 

শিউলি নামের একজন উত্তরা থেকে এসেছেন কেনাকাটা করতে। তিনি বলেন, এবার পহেলা বৈশাখ ও ঈদ একই সঙ্গে। তাই আমার জন্য শাড়ি ও স্বামীর জন্য পাঞ্জাবি কিনেছি। পাঞ্জাবি ও শাড়ি রং একই।

সাইফুল ইসলাম নামের একজন ক্রেতা জানান, আজিজ সুপার মার্কেটের পোশাক দাম ও ডিজাইনে অন্য জায়গার চেয়ে ভালো। তাই পরিবারের সব সদস্যদের জন্য কেনাকাটা করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!