রাজধানীর বিভিন্ন স্থানে আজ ঈদ, অনুষ্ঠিত হচ্ছে জামাত
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা না গেলেও সৌদির সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঈদুল ফিতর পালিত হচ্ছে।
সৌদি আরবে বৃহস্পতিবার চাঁদ দেখার ঘোষণার পরপরই এসব এলাকায় ঈদের আনন্দ শুরু হয়। শুক্রবার সকালে কলাবাগানের সামুরাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের জামাত। মোট ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুসল্লিরা।
ঈদের নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, চাঁদ ও ইসলাম একই সূত্রে গাঁথা। এক দেশে চাঁদ উঠবে, অন্য দেশে উঠবে না- এটা হতে পারে না। বিশ্বের মুসলিমরা একই ধর্মের অনুসারী। আর চাঁদও একই সময় উদিত হয়। চাঁদ উঠার নির্ভরযোগ্য কোনো সংবাদ পেলে সেটা পুরো বিশ্ববাসীর জন্য এক হয়ে যায়। সেজন্য তারা সৌদির সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করছেন, ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন।
.png)
রাজধানীর কলাবাগানের কয়েকজন বাসিন্দা কয়েক বছর আগে থেকে এ আয়োজন শুরু করলেও বর্তমানে বহু মানুষ সৌদির সঙ্গে একই দিনে ঈদের জামাতে অংশ নিচ্ছেন। তাদের আশা, বিশ্বের সব মুসলিম এক। ফলে রোজা-ঈদ সব এক দিনে একই নিয়ম মেনেই হওয়া উচিত।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালী, ভোলা, শরীয়তপুর, চাঁদপুর, দিনাজপুর, লালমনিরহাট, লক্ষ্মীপুর ও পিরোজপুর, সাতক্ষীরা, ফরিদপুর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।