মেট্রোরেলের নিরাপত্তায় অনুমোদন পেল এমআরটি পুলিশ
মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদন পেল পুলিশের বিশেষায়িত আলাদা ইউনিট। এই বিশেষ ইউনিটটির নাম- ম্যাস র্যাপিড ট্রানজিট পুলিশ বা এমআরটি পুলিশ। একই সঙ্গে প্রতিটি স্টেশনে একটি করে ডিজি-বক্স রাখতে এটুআইয়ের সঙ্গে চুক্তিও হয়েছে।
রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পুলিশের স্বতন্ত্র বিশেষ এমআরটি ইউনিট মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে গঠন হচ্ছে। এর জন্য তৈরি হবে ৩৫৭টি পদ। এসব পদের মধ্যে পুলিশ ক্যাডারের ৩টি ও নন-ক্যাডারের ৩৫৪টি পদ থাকবে।
.png)
নতুন এই ইউনিটের পুলিশ কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় প্রশাসনিক কাজে ৬০ জন ও এমআরটি লাইন-৬ বা উত্তরা থেকে আগারগাঁও অংশে কাজ করবেন ২৯৭ জন। লাইন-৬ সম্প্রসারণ ও নতুন লাইন স্থাপিত হলে জনবল আরো বাড়ানো হবে।
ডিএমটিসিএলের ম্যানেজার বলেন, আমরা এটুআইয়ের সঙ্গে আজকে চুক্তি করলাম ৯টা স্টেশনের জন্য। আগামীকাল-পরশু থেকেই তারা কাজ শুরু করে দেবে। এরই মধ্যে তারা ৬টি জায়গায় শনাক্ত করেছে, যেখানে কোনো রকমের পরিবর্তন-পরিবর্ধনের প্রয়োজন নাই। বাকিগুলো তারা স্টেশনের দেওয়া জায়গার মাপ অনুযায়ী বানাবে।