ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭, ১৯ মে ২০২৩
আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে হাসপাতালে শিক্ষার্থী
ফাইল ফটো

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় মাদরাসার তিন শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ এক হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। আহত ঐ শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। আহত ঐ শিক্ষার্থীর নাম আবু হাশেম (২৩)। তিনি বগুড়া জেলার ধনুট উপজেলার শাহাবুদ্দীনের ছেলে।

আহত শিক্ষার্থীর সঙ্গে থাকা দুই সহপাঠী আরিফ ও আতিকুল তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আরিফ বলেন, তারা তিনজনই শেখেরটেক হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডে অবস্থিত রহমতে আলম মাদরাসার আরবি সাহিত্যের শিক্ষার্থী। তারা সবাই ঐ মাদরাসাতেই থাকেন। এদিন রাতে তারা বাজার করার জন্য বের হয়েছিলেন। মাদরাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই তিন ছিনতাইকারী তাদের পথ আটকায়। তারপর তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও দুজনের মোবাইল নিয়ে যায়।

Advertisement

আরিফ আরো বলেন, সে সময়ে আমি একটু এগিয়ে সামনে চলে আসি। তাদের হাতে চাপাতি ছিল। হাশেম প্রতিবাদ করাতে তাকে ছুরিকাঘাত করে। এরপর পায়ে হেঁটে দ্রুত পালিয়ে যায় তারা।

হাশেমের বুকে ও হাতে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!