ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ নেতার মাজার সংলগ্ন ঢাকা গেটের সংস্কার কাজের সম্প্রতি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি’র মুখপাত্র আবু নাছের জানান, মূলত ডিএসসিসির প্রকৌশল বিভাগ ঢাকা ফটক সংস্কার কাজ করবে। গেটের অংশগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি এখানে করা হবে নান্দনিক চত্বর। এছাড়া থাকবে ইতিহাস সম্বলিত ফলক, বসার স্থান এবং চারদিকে থাকবে নান্দনিক বাতি।
.png)
গত ২৪ মে ঢাকা গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মেয়র তাপস বলেন, ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে ফিরিয়ে আনা আমাদের অন্যতম লক্ষ্য। শুধু দেশবাসী নয় বহির্বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সেই ইতিহাসকে, সেই ঐতিহাসিক চিত্রকে ফিরিয়ে আনতে চাই।
মেয়র তাপস আরো বলেন, এক সময় এই ফটকই ছিল ঢাকার মূল প্রবেশদ্বার। বুড়িগঙ্গা নদী দিয়ে আসার পরেই এই প্রবেশদ্বার দিয়েই সকলে ঢাকায় প্রবেশ করতো। এই ফটকের চারপাশে হাতি পাহারারত অবস্থায় থাকতো। এরকম চিত্রও আমরা দেখেছি। আমরা সেই ইতিহাসকে, ঐতিহাসিক চিত্রকে ফিরিয়ে আনতে চাই।
তিনি বলেন, ঐতিহাসিক ঢাকা ফটক আগে রমনা ফটক নামেও পরিচিত ছিল। এক সময় তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা এটি নির্মাণ করেছিলেন।