ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গল্প সাজিয়ে দুর্ধর্ষ পন্থায় ছিনতাই-খুন, নেতৃত্বে কসাই মনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ৩০ মে ২০২৩
গল্প সাজিয়ে দুর্ধর্ষ পন্থায় ছিনতাই-খুন, নেতৃত্বে কসাই মনির
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী

সাভারের সিঅ্যান্ডবি মোড় এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ চন্দ্র মিস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা হয়। এ ঘটনায় জড়িত দুজনকে সোমবার রাতে সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তারা হলেন- মনির হোসেন ওরফে মনির কসাই (৩০) ও হাবিব মোল্লা (২৫)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার জনসন রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গত ২৫ মে রাত ৮টার দিকে আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পলাশ চন্দ্র মিস্ত্রী (৩৭) নবীনগর এলাকায় ফিরছিলেন। পথে সিঅ্যান্ডবি মোড়ের ফুটওভার ব্রিজের নিচে চার ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা একটি গল্প সাজায়। ছিনতাই চক্রের সদস্য ও পলাতক আসামি হাসান তাকে বলে যে - তোর কাছে আমি টাকা পাই। আমার পাওনা টাকা দে। এ সময় কসাই মনির ভুক্তভোগী পলাশকে থাপ্পড় মারে এবং তার কাছ থেকে সব ছিনিয়ে নিতে যায়। পলাশ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে সুইচ-গিয়ার চাকু দিয়ে আঘাত করে। এরপরও বাধা দেওয়ায় শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে পলাশ চন্দ্র মিস্ত্রী দৌড় দেন এবং পাকা রাস্তায় গিয়ে পড়ে যান। পথচারীরা আহত অবস্থায় পলাশ চন্দ্র মিস্ত্রীকে পড়ে থাকতে দেখে বিষয়টি তার সহকর্মীদের জানান।

Advertisement

সহকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন। পরবর্তীতে সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত চারজনের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!