ডিএনসিসি-ডিএসসিসি’র ১৮ ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৩টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পাঁচ ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসি ও ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪।
এদিকে বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন।
.png)
অন্যদিকে ডিএসসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটির ১০ (১ম), ৫৩ (২য়), ৩৮ (৩য়), ৪১, ৩৭ নম্বর ওয়ার্ড হতে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
কোথাও বর্জ্য পড়ে থাকতে দেখলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুপুরের আগেই নির্ধারিত স্থানে পশুর বর্জ্য ব্যাগ ভর্তি করে রাখেন অনেকে। দুপুরে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন দুই সিটির মেয়র।