ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৪৮ ঘণ্টায় ১৭ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসির সিইও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ১ জুলাই ২০২৩
৪৮ ঘণ্টায় ১৭ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসির সিইও
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান বলেছেন, ঈদের পর ৪৮ ঘণ্টায় ৩ হাজার ৩৩৮টি ট্রিপের মাধ্যমে ১৭ হাজার ২৪৭ দশমিক ৬৩ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

শনিবার ডিএসসিসির নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মিজানুর রহমান বলেন, কোরবানির বর্জ্য অপসারণ ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই শেষ করার নির্দেশনা আমাদের দেওয়া হয়েছিল। আমাদের ব্যাপক প্রস্তুতি এবং কর্মপরিকল্পনার পরিপ্রেক্ষিতে ঈদের প্রথম দিনের বর্জ্য আমরা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই অপসারণ করতে সক্ষম হয়েছি। 

Advertisement

তিনি বলেন, এসব কাজের জন্য আমরা ৩৫০টি যান ব্যবহার করেছি। বর্জ্য অপসারণে প্রায় ১০ হাজার কর্মী মাঠে থেকে কাজ করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ছিল পরিচ্ছন্নতাকর্মী, ভ্যানচালক যারা বর্জ্য সংগ্রহ করেন তাদের সংখ্যাও ছিল প্রায় তিন হাজার। বর্জ্য অপসারণের জন্য আরো প্রায় সাড়ে ৬শ’র মতো কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। 

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!