বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের একবিংশতম সভায় এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, আমাদের লক্ষ্য ছিল, এই সিটি কর্পোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমাদের কাউন্সিলর-কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বে আমরা সে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি, সফল হয়েছি। আমরা বিগত অর্থবছরে এক হাজার ৩২ কোটি টাকা রাজস্ব আয় করেছি। এর মাধ্যমে রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের নতুন মাইলফলক সৃষ্টি করেছি আমরা।
.png)
ঢাকাবাসীর স্বপ্ন পূরণে ডিএসসিসি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, যে সিটি কর্পোরেশন এক সময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতো, পরিচালন ব্যয়ে ঘাটতি হতো, আপনাদের সবার অব্যাহত কর্মপ্রচেষ্টায় আমরা সেই দৈন্যদশা অতিক্রম করেছি। আমরা আত্মনির্ভরশীল হয়েছি। এর মূল কারণই হলো আমাদের ওপর ঢাকাবাসীর আস্থা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে আমাদের ওপর ঢাকাবাসীর প্রত্যাশাও বেড়েছে। আমরা এখন আত্মবিশ্বাসী, ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে আমাদের সক্ষমতা বাড়ছে। নতুন নতুন প্রতিকূলতাকে নজরে নিয়ে আমরা কর্মপরিকল্পনা সাজাচ্ছি। আমরা আশাবাদী, ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।
বোর্ড সভায় সর্বসম্মতভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের ৬৭৫১ দশমিক ৫৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বোর্ড সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
বোর্ড সভায় কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদারকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে বাদল সরদারকে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় বোর্ড সভায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। অন্যদের মধ্যে কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।