শনিবার উত্তরা ১৩ নম্বর সেক্টরে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচারণা চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন এডিস মশা নিধনে করণীয় শীর্ষক একটি সচেতনতামূলক র্যালি ১৩নং ওয়েল ফেয়ার সোসাইটির সামনে থেকে বের করা হয়।
এতে অংশ নেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুর রহমান।
.png)
র্যালি শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ব্যক্তি পর্যায়ে আমরা সচেতন না হতে পারলে এই দুর্ভোগ আরো বাড়বে। তাই এই সংকট সমাধানে নাগরিক সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিদফতর কাজ করছে।
ক্যাবের জনসচেতনতামূলক এ কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলর শরিফুর রহমান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ইসলামের উদ্যোগে আমরা দীর্ঘ তিন মাস যাবৎ প্রতিদিনই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আশা করি ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই আমরা সফলতা পাবো।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক এম শামস এ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও উত্তরা প্রভাতী কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, উত্তরা প্রবীণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সামাদ, উত্তরা ১৩ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মুমতাজুল করিম, ক্যাব উত্তরা শাখা কমিটির সভাপতি শাহিনা রহমান পপি প্রমুখ।