ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবিছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ২২ অক্টোবর ২০২৩
শাহবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জবিছাত্র আহত
ফাইল ফটো

রাজধানীর শাহবাগে ছিনতাইকারীর চুরিকাঘাতে সৌরভ সরকার(২৫) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

শনিবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তার বন্ধু মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দেন।

শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু সাগ্নিক সূত্রধর জানান, মধ‍্যরাতে আমার বন্ধু সৌরভ সরকার তার বাইক নিয়ে শাহবাগ থানাধীন রমনা কালীমন্দিরে পূজা দিতে যায়। সেখান থেকে বাইক নিয়ে ফেরার পথে তিন চারজন ছিনতাইকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশনের নিচে তার গতিরোধ করে, পরে মোটরবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে এতে সে বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে  চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তার পকেটে থাকা মুঠো ফোনে আমাকে জানালে আমি সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন। 

তিনি আরো বলেন, সৌরভ সরকারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল থানার ভবনগাঁও গ্রামে। তার বাবার নাম পরেশ চন্দ্র রায়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কারু শিল্প বিভাগের ছাত্র, জগন্নাথ হলে থাকে।

Advertisement

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, শাহবাগ এলাকায় ছিনতাইকারীর ছুড়িকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করেন। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!