গত শুক্রবার (১১ আগস্ট) দিনের বেলা প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লির রাস্তায়।
পুলিশ জানিয়েছে আইফোন হাতছাড়া করতে নারাজ ওই শিক্ষিকাকে রাস্তায় হিঁচড়ে টানতে টানতে নিয়ে যায় ছিনতাইকারীরা। তাতে গুরুতর আহত হয়ে ওই শিক্ষিকা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আহত ওই শিক্ষিকার নাম যোভিকা চৌধুরী। তিন সাকেতের জ্ঞান ভারতী স্কুলের শিক্ষিকা।
জানা যায়, স্কুলে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। অটোরিক্সায় করে যাচ্ছিলেন যোভিকা। হঠাৎ দুই ছিনতাইকারী বাইকে চেপে এসে তার ফোনটি কেড়ে নিতে যায়। ফোন বাঁচাতে টানাটানির চোটে অটোরিক্সা থেকে রাস্তায় পড়ে যান যোভিকা। আঘাত পান তিনি। কিন্তু তার পরও ফোন ছাড়েননি।
চলন্ত বাইকে ফোন নিয়ে পালানোর চেষ্টা করা ছিনতাইকারীদের সঙ্গে তিনি সমানে লড়াই চালিয়ে যান। ছিনতাইকারীরা তাকে চলন্ত বাইকে হিঁচড়ে টানতে টানতে নিয়ে যায় বেশ কিছুটা রাস্তা। তাতে গুরুতর আহত হন যোভিকা। আঘাতের জন্যই শেষে রণে ভঙ্গ দেন তিনি। ছিনতাইকারীরা ফোন নিয়ে চম্পট দেয়। এরপর গুরুতর আহত যোভিকাকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে সাকেত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার