ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেঙ্গু প্রতিরোধে সারাবছর সচেতন থাকতে হবে: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ২৩ নভেম্বর ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে সারাবছর সচেতন থাকতে হবে: ডিএনসিসি মেয়র
কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু এখন আর কোনো নির্দিষ্ট সিজনের সমস্যা নয়। ডেঙ্গুতে এখন সারাবছর মানুষ আক্রান্ত হচ্ছে। শুধু বর্ষায় নয়, শীতকালেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। শুধু বর্ষা নয়, সারাবছরই ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) আয়োজিত কমিউনিটি পর্যায়ে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ড্রেন বা নর্দমার পানিতে এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতেই এডিসের লার্ভা জন্মায়। বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, কমোড, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রতি তিনদিনে অন্তত একদিন জমে থাকা পানি ফেলে দিতে হবে। প্রতি শনিবার নিজেদের বাসা-বাড়ি পরিষ্কার করলে এডিস থেকে নিরাপদ থাকতে পারবো।

Advertisement

তিনি বলেন, কাউকে জরিমানা করা বা জেল দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো কোথাও যেন এডিসের লার্ভা না জন্মে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। কমিউনিটির সবাই সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডা. মো. আখতারুজ্জামান, ইউনিসেফের প্রতিনিধি লরেন্স ওযুবা, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!