সূর্যের দেখা মিললেও ছিল না উত্তাপ
টানা কয়েকদিন রাজধানীসহ দেশের কোথাও উদয় হয়নি সূর্য। বরং দিনদিন বাড়ছিল শীতের তীব্রতা। বৃহস্পতিবার দুপুরের দিকে সূর্যের দেখা পায় রাজধানীবাসী। তবে কোনো উত্তাপ না থাকায় শীতের তীব্রতা একটুও কমেনি। বরং আগের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে আরো ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা আছে ৮ অঞ্চলে। আর ১০ ডিগ্রিতে আছে ৬ অঞ্চল। এ অবস্থায় দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১০ ডিগ্রির নিচে থাকা অঞ্চলগুলো হলো- নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭, কিশোরগঞ্জের নিকলিতে ৮ দশমিক ৭, কুড়িগ্রামের রাজারহাট ও নীলফামারীর সৈয়দপুরে ৯, নওগাঁর বদলগাছিতে ৯ দশমিক ৫, রংপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
.png)
১০ ডিগ্রিতে থাকা জেলাগুলোর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ দশমিক ২, সিলেট ও মাদারীপুরে ১০ দশমিক ৫, রাজশাহীতে ১০ দশমিক ৬, পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ৮, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮, যা বুধবার ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা বাতাস বয়েছে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় সূর্যের দেখা মিললেও কমেনি শীত।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
এতে আরো বলা হয়, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর ও উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে দেশের কোথাও কোথাও।
শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।