ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ধর্ম ভাই-বোনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৫, ১২ মার্চ ২০২৪
রাজধানীতে ধর্ম ভাই-বোনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষ থেকে মৌসুমী (৪৫) ও ইব্রাহিম (৩৩) নামের দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম ও মৌসুমী নিজেদের মধ্যে ধর্মের ভাই-বোনের সম্পর্ক তৈরি করেছিলেন বলে জানা গেছে।

পুলিশের ধারণা, মৌসুমী নামে ঐ নারীকে গলাকেটে হত্যার পর আত্মহত্যা করেন ইব্রাহিম।

সোমবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানার উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২৮ নং বাসার দরজা ভাঙার পর মরদেহ দুটি দেখতে পায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার।

Advertisement

মোস্তফা আনোয়ার বলেন, কামারপাড়া এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌসুমীকে গলাকেটে হত্যার পর ইব্রাহিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলে থাকা তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া জাগো নিউজকে বলেন, যতটুকু জানা গেছে মৌসুমীর সঙ্গে ইব্রাহিমের অনেক বছর ধরে পরিচয়। মৌসুমী তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টরে থাকতেন। ইব্রাহিম কামারপাড়ার ওই পাঁচতলা ভবনের ছাদে একটি কক্ষ ভাড়া নেন চলতি বছরের জানুয়ারি মাসে।

পরিদর্শক আবু সাইদ মিয়া আরো বলেন, আগে থেকে পরিচয় থাকার কারণে দুজনের একে-অন্যের বাসায় যাতায়াত ছিল। ধারণা করা হচ্ছে, ইব্রাহিম ছুরি দিয়ে মৌসুমীকে গলাকেটে হত্যার পর নিজে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

তাদের মধ্যে সম্পর্ক কী ছিল- জানতে চাইলে তিনি বলেন, তারা ধর্মের ভাই-বোন ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ মিয়া।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!