ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মালয়েশিয়ায় তালাবদ্ধ ঘরে মিললো ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মরদেহ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১০, ১৭ এপ্রিল ২০২৪
মালয়েশিয়ায় তালাবদ্ধ ঘরে মিললো ঢাকার শীর্ষ সন্ত্রাসীর মরদেহ
খোন্দকার তানভীর ইসলাম জয়। ছবি: সংগৃহীত

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খোন্দকার তানভীর ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা গেছেন। শুক্রবার কুয়ালালামপুরে একটি তালাবদ্ধ অ্যাপার্টমেন্টের কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) দুপুরে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। যদিও বাংলাদেশ পুলিশ বলছে, এ বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। তানভীর এতদিন ভারতীয় পাসপোর্ট নিয়ে ‘তারেক রানা’ পরিচয়ে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। কয়েক বছর আগে তানভীর কিডনি রোগে আক্রান্ত হন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো।

গত ১২ এপ্রিল সকালে তার গৃহকর্মী অ্যাপার্টমেন্টে এসে কলিং বেল বাজানোর পরও সাড়া না পেয়ে ভবনের নিরাপত্তাকর্মীদের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে জয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতাল তকে মৃত ঘোষণা করে।

Advertisement

জয়ের এক বোন মরদেহ নিতে মালয়েশিয়ায় গেছেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় তার দাফন সম্পন্ন হয়।

নব্বইয়ের দশকে রাজধানীর কলাবাগানের ধনাঢ্য পরিবারের সন্তান জয় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন। সন্ত্রাসী গ্রুপ লিয়াকত-হান্নানের প্রতিদ্বন্দ্বী হিসেবে আন্ডারওয়ার্ল্ডে আলোচিত হন তিনি। সে সময় জয়ের গ্রুপটি পুলিশের কাছে সেভেন স্টার নামে পরিচিতি পায়। তার বিরুদ্ধে ৩টি হত্যাকাণ্ড, ২টি হত্যাচেষ্টা, মারাত্মক জখম ও চাঁদার জন্য শারীরিক ক্ষতির হুমকি দেওয়ার অনেকগুলো অভিযোগ ছিল।

২০০০ সালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা চাওয়ার অভিযোগে গ্রেফতার হন জয়। এরপর জেল থেকে মুক্ত হয়ে ভারতে গিয়ে তারেক রানা নামে পাসপোর্ট করে ২০০১ সালে মালয়েশিয়া চলে যান তিনি। এরপর ফের ভারতে আসেন তিনি। ভারতে থাকাকালে তার নামসহ ২৩ শীর্ষ সন্ত্রাসীর পোস্টার প্রকাশ করে পুলিশ। ২০০৫ সালে বাংলাদেশের অনুরোধে ইন্টারপোল জয়ের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!