ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সাড়ে ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৯, ২৯ মে ২০২৪
সাড়ে ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ডিএসসিসি
ফাইল ফটো

৬ লাখ ৭০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কর্পোরেশনের আওতাধীন এলাকার ১ হাজার ৮২৭ কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ১০ হাজার শিশুকে একটি করে নীল রঙের (১,০০,০০০ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৬০ হাজার শিশুকে একটি করে লাল রঙের (২,০০,০০০ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ‘জাতীয় ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানানো হয়।

Advertisement

সভায় কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ১ হাজার ৮২৭ কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এছাড়া তিনি সেদিন নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়ে যেতে বাবা-মা ও অভিভাবকদের অনুরোধ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!