ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে প্রণোদনা দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৫, ১৬ জুন ২০২৪
নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে প্রণোদনা দেবে ডিএনসিসি
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্ধারিত স্থানে গরু কোরবানি দিলে ১ হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের প্যারিস রোড সংলগ্ন মাঠে একসাথে অন্তত ৫শ’ গরু কোরবানির আয়োজন করা হয়েছে। যারা এখানে গরু কোরবানি দিতে আসবেন তাদের প্রত্যেক গরুর জন্য প্রণোদনা হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে ১ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়াও ৭ নম্বর ওয়ার্ডে একটি স্থানে অন্তত ১০০ পশু কোরবানির উদ্যোগ নেয়া হয়েছে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে মেয়র জানান, এবার ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ডিএনসিসি সার্বিক প্রস্তুতি নিয়েছে। ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ৮ টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। পশুর হাটের বর্জ্য পরিষ্কারের জন্য এবার আর ইজারাদারদের ওপর ভরসা করা হচ্ছে না। সিটি কর্পোরেশন থেকেই আমরা দ্রুত সময়ে পরিষ্কার করবো।

আতিকুল ইসলাম জানান, পশু বর্জ্য অপসারণে এ বছর ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত থাকবে। ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা এবং আমি নিজে মাঠে থাকবো। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া ওয়ার্ড ভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!