নিউমার্কেটে তৈরি হতো জাল সার্টিফিকেট, গ্রেফতার ২
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাকিব হাসান ও শাহ আলম মিজি। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, একটি শিক্ষা সনদ ও একটি মার্কশিট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল।
.png)
তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জাল সনদ, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ এবং জাল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এএসপি সোহেল বলেন, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিল। তারা টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালাতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।