বৃষ্টির পানি সরাতে কাজ করছে ডিএনসিসির পাঁচ হাজার কর্মী
ভোর থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন অঞ্চল। জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী।
সেই সঙ্গে ১০টি অঞ্চলে কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন কর্মী রয়েছে। এরই মধ্যে প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে।
শুকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি পাম্প সকাল থেকে একযোগে কাজ করছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে এটি আজ সকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। অল্প সময়ে নিরবচ্ছিন্ন ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে।
আরো বলা হয়, এখনো যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে, কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি অঞ্চলের শাখা রাস্তাগুলো থেকে পানি সরাতে কাজ করে যাচ্ছে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীসহ কুইক রেসপন্স টিম।
কোথাও কোনো পানি জমে থাকলে ডিএনসিসির হটলাইন ১৬১০৬ এই নম্বরে ফোন করে জানালে কুইক রেসপন্স টিম ব্যবস্থা নেবে।