আন্দোলনের মুখে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস
রাজধানীসহ সারাদেশে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে অবস্থান করছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় রণক্ষেত্র রাজধানী ঢাকা।
আন্দোলনকারীরা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করছে। এখন পর্যন্ত শুধুমাত্র রাজধানীতে ২০টি অগ্নিসংযোগের সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরসহ কোনো ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলগুলোতে যেতে পারছে না।
রোববার দুপুরে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন নেভাতে রাজধানীর কোনো ফায়ার স্টেশন থেকে ইউনিট গাড়ি নিয়ে বের হতে পারছে না। গাড়ি বের করলেই ভাঙচুর করছে আন্দোলনকারীরা। এদিকে রাস্তা সব ব্লক করে রেখেছেন আন্দোলনকারীরা।
.png)
এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ২০টি আগুনের সংবাদ পাওয়া গেছে। কিন্তু ফায়ার সার্ভিসের কোনো ইউনিট যেতে পারছে না। গাড়ি বের করলেই ভাঙচুর করছে। এজন্য নিরাপত্তার কারণেই গাড়ি বের করা সম্ভব হচ্ছে না।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএসএমএমইউতে লাগা আগুনে সব পরিবহন পুড়ে গেছে। এখানে আগুন লাগার সংবাদ পেলেও ফায়ার সার্ভিসের কোনো ইউনিট যেতে পারেনি।
সূত্রটি জানায়, রাজধানীর বিভিন্ন জায়গায় দুপুর ১২টার পর থেকে বিভিন্ন স্থাপনায় ও যানবাহনের সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। পরে ফায়ার সার্ভিস গাড়ি পাঠানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চাওয়া হয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানায় চলমান অবস্থায় তারা ফায়ার সার্ভিসের গাড়ির নিরাপত্তা দিতে পারবেন না।