ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ থেকেই শাহজালালে সাড়ে ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠা-নামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ১ অক্টোবর ২০২৪
আজ থেকেই শাহজালালে সাড়ে ৩ ঘণ্টা করে ফ্লাইট ওঠা-নামা বন্ধ
ফাইল ফটো

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময় বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২-সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময়ে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে।

Advertisement

গ্রুপ ক্যাপ্টেন কামরুল জানান, এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের অংশ। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস, টাচ ডাউন জোন লাইটস, ইন্টলেশন অব স্টপওয়ে, লাইটিং সিস্টেম ফর রানওয়ে-১৪ এবং ৩২-এর কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে।

তিনি বলেন, বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০-তে কল করার পরামর্শ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!