ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ১৯ অক্টোবর ২০২৬
দুপুর ২টায় পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
সংগৃহীত ছবি

বিতর্ক ও সমালোচনার জের ধরে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুক পোস্টে ইশরাক লিখেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী পদে না থাকলেও একজন বিএনপির কর্মী হিসেবে আগের চেয়ে শতগুণ বেশি উদ্যম নিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে কোনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশে অবস্থানরত সুশীল সমাজ যেন দেশে এসে আন্দোলনে অংশ নেন। পদত্যাগের পর দেশব্যাপী ‘প্রজন্ম দল’-এর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে, গত শনিবার পুরান ঢাকার গেণ্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে প্রকাশ্যে লাইসেন্সকৃত পিস্তল উঁচিয়ে ধাওয়া করা এবং গুলি করার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী। এ ঘটনা ছড়িয়ে পড়ার পর রবিবার রাতেই গুঞ্জন ওঠে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের মৌখিক নির্দেশ দিয়েছেন।

অবশ্য রবিবার রাতে ইশরাক হোসেন এক অডিওবার্তা ও অফিশিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের খবরটিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন, সরকারের উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা আসলে তা প্রথাগতভাবেই কার্যকর হয়ে যায় এবং এ বিষয়ে উগ্র কোনো খবরের সত্যতা নেই। এমনকি তার প্রেস সচিব মাহফুজ কবির মুক্তাও এক বিজ্ঞপ্তিতে পদত্যাগের নির্দেশনার বিষয়টি অস্বীকার করেছিলেন।

তবে রাতের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন ইশরাক হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!