নভেম্বর থেকেই গর্তবিহীন সড়ক পাবে ঢাকাবাসী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার সড়কগুলোয় সৃষ্টি হওয়া গর্ত ও খানাখন্দ সংস্কার কাজ চলছে এবং অক্টোবরে মাসের মধ্যে সব সড়কের সংস্কার কাজ শেষ হবে। ফলে নভেম্বরে মাসে নগরবাসী এসব সংস্কার কাজের সুফল ভোগ করতে পারবেন বলে জানিয়েছে ডিএসসিসি।
রোববার ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের দিক-নির্দেশনা এবং ডিএসসিসি প্রশাসক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কাজ করে চলেছে সংস্থার প্রকৌশল বিভাগ।
.png)
এরই মধ্যে সচিবালয় সংলগ্ন সড়ক, সৈয়দ নজরুল ইসলাম সরণি, মিরপুর রোড, ঢাকেশ্বরী প্রধান সড়ক, শিক্ষা বোর্ড এলাকা, লালবাগ রোড, নীলক্ষেত রোড, কাঁটাবন সড়ক ও বাবুপাড়া রোড, হাতিরপুল বাজার সংলগ্ন সড়ক, শহিদ ক্যাপ্টেন মুনসুর আলী সরণি, শাহবাগ মোড়, পলাশী থেকে শহিদ মিনার, সাইন্সল্যাব মোড়, টিএসসি, দোয়েল চত্বর, বেইলি রোড, শান্তিনগর, ধানমন্ডি ১৩/এ, ৫/এ, পলাশী এলাকা, রাজারবাগ রোড, শাহজাহানপুর মোড়, ফকিরাপুল, দৈনিক বাংলা, আউটার সার্কুলার রোড, জিরো পয়েন্ট থেকে বঙ্গভবন, মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড়, তাঁতিপাড়া ক্রসিং, যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় রোড, ধলপুর থেকে সায়েদাবাদ এলাকা, জয়কালী মন্দির, হাটখোলা রোডসহ বেশ কিছু এলাকার সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দ মেরামত করা হয়েছে। অন্যান্য সড়কগুলোতে সৃষ্ট গর্ত ও খানাখন্দ মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।
ডিএসসিসির প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, নগরবাসীর ভোগান্তি লাঘব করা আমাদের অন্যতম লক্ষ্য। যে সব সড়কে মেরামত কাজ বাকি আছে সেগুলোর কাজ এ মাসের মধ্যেই শেষ হবে এবং আগামীমাস থেকে নগরবাসী আমাদের এসব কার্যক্রমের সুফল ভোগ করবে। বর্তমানে আমরা সড়কগুলো জনগণের চলাচল উপযোগী করে সংস্কার করছি। বৃষ্টি পুরোপুরি থেমে গেলে প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিছু কিছু সড়ক পুনর্নির্মাণ করবো।