ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলের ২ লাখ টিকেট ফেরত দেননি যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৫, ১৫ অক্টোবর ২০২৪
মেট্রোরেলের ২ লাখ টিকেট ফেরত দেননি যাত্রীরা
ফাইল ফটো

মেট্রোরেলে এককযাত্রার ২ লাখ টিকিট (কার্ড) সঙ্গে করে নিয়ে গেছেন যাত্রীরা। এতে স্টেশনগুলোতে টিকিট সংকট দেখা দিয়েছে। জনসাধারণের প্রতি এসব টিকিট ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার উত্তরা ডিপোতে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ এ আহ্বান জানান।

তিনি বলেন, সবগুলো স্টেশন মিলিয়ে ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি এককযাত্রার টিকিট দেওয়া হয়েছিল। এর মধ্যে এককযাত্রার যাত্রীরা নির্ধারিত মেশিনে প্রায় ২ লাখ কার্ড জমা দেননি। নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ৬ হাজার ৮৮১টি কার্ড। এছাড়া দেড় হাজার কার্ড অন্যান্যভাবে হারিয়েছে।

Advertisement

যাত্রীদের এসব কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, এককযাত্রার টিকিট মেট্রোরেল স্টেশনের বাইরে নেয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। তাই অনুরোধ রইলো, নিকটবর্তী স্টেশনে এসে এসব কার্ড ফেরত দিন। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।

এদিকে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনের কর্মীরা জানিয়েছেন, একটি পরিবারের কয়েকজন সদস্যের জন্য টিকিট কাটা হলেও একসঙ্গে বের হওয়ার সময় দুই-একটি টিকিট জমা দেওয়া হয়, বাকিগুলো জমা দেওয়া হয় না। অনেক যাত্রী ভিড়ের মধ্যে টিকিট জমা না দিয়েও বের হয়ে যান।

এককযাত্রার এতগুলো টিকিট না থাকার ফলে মেশিনগুলোতেও টিকিটের কমতি দেখা দেয়। স্টেশন কর্মীরা জানান, বহির্গমন গেটে টিকিট জমা পড়ার পর সেই টিকিট আবার ভেন্ডিং মেশিনে প্রবেশ করাতে হয়। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত টিকিট জমা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, যা সময়সাপেক্ষ।

এদিকে, টিকিটের অভাবে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। কিছু ভেন্ডিং মেশিন বন্ধ থাকায় একটিমাত্র মেশিনে চাপ পড়ে এবং টিকিট শেষ হলে অপেক্ষা করতে হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!