ঢামেকে শিশু চুরির অভিযোগে নারী আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু চুরির অভিযোগে মোছা. মেরিনা আক্তার শারমিন (৩০) নামের এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে দুই বছরের এক শিশুও ছিল।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাধারণ আনসার সদস্যরা বিষয়টি ঢামেক হাসপাতালের আনসারের পিসি মহেশচন্দ্র রায়কে জানানো হয়। পরে শিশুসহ ঐ নারীকে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত মেরিনা আক্তার শারমিন নোয়াখালীর মাইজদী থানার গরিবপুর গ্রামের দুলহান মিয়ার মেয়ে।
মহেশ চন্দ্র রায় বলেন, ‘ঐ মহিলা কিছু সময় ধরে শিশুটিকে নিয়ে নতুন ভবনের চারতলায় ঘোরাফেরা করছিল। বিষয়টি সাধারণ রোগীদের কাছে সন্দেহজনক মনে হলে তারা আমাদের আনসার সদস্যদের খবর দেয়। আমরা বেশ কিছুক্ষণ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করি। তবে ঐ নারী তাঁর সঙ্গে থাকা শিশুটিকে নিয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। শিশুটি তাঁর বা তিনি কোথা থেকে এনেছে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।’
মহেশ চন্দ্র রায় বলেন, পরে আনসার সদস্যদের সহযোগিতায় ঐ নারী ও শিশুকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করে শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ঢামেকের পুলিশ ক্যাম্প থেকে রাত পৌনে ১টার দিকে ঐ নারীসহ শিশুকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।