ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ২৫ নভেম্বর ২০২৪
৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশাচালকরা
আগারগাঁওয়ে রিকশাচালকদের অবস্থান

রাজধানীর আগারগাঁওয়ে অবরোধের তিন ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তবে সড়কের আশপাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা। এতে দীর্ঘ সময় পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি ঐ এলাকার যানবাহন চলাচল।

সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। দুপুর ২টায় সড়ক ছাড়েন তারা।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের করার দাবিতে কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন চালকরা। তারই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

Advertisement

তেজগাঁও ট্রাফিক বিভাগের শেরে বাংলা জোনের সহকারী কমিশনার (এসি) উদয় কুমার শাহা বলেন, আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে অন্য সড়ক দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। বর্তমানে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। শিগগিরই এ পথ দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।

এর আগে, রোববার ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেন চালকরা।  একইদিন মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!