ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৪
বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মাদক ব্যবসায়ী পলাশকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ- সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভোএয়ারের (VQ 932) ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮টি বস্তুর সন্ধান মেলে। 

Advertisement

পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্যের মাধ্যমে কালো রংয়ের কসটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৩৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মো. পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত বলে জানা যায়। 

এর আরে, চলতি বছরের ৮ নভেম্বর একই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ৩০৮০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক ব্যবসায়ী আটক হয়। 

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, মাদক ব্যবসায়ীদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোনো অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!