ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২২ ডিসেম্বর ২০২৪
সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা
শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ

শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। তবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন না এলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার শাহবাগে চিকিৎসকদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় চিকিৎসকদের দাবির সঙ্গে একমত পোষণ করেন তিনি।

সারজিস আলম বলেন, ট্রেইনি চিকিৎসকদের দাবি যৌক্তিক। রাস্তায় নেমে আন্দোলন করা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি মানার কমিটমেন্ট দিয়েছে। জানুয়ারি থেকে ভাতা কার্যকর করতে হবে। বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে যদি দাবি পূরণের প্রজ্ঞাপন না আসে, আমরা একসঙ্গে রাস্তায় নামবো।

Advertisement

এরপর চিকিৎসকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। তবে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে, দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসকের পক্ষে ২৫ হাজার টাকা ভাতায় জীবনধারণ সম্ভব নয়। এ অবস্থায় ভাতার পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীতের দাবি তাদের।

এদিকে অবরোধে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শত শত যানবাহন আটকা পড়ে সড়কজুড়ে।

পরে বিএসএমএমইউ উপাচার্যসহ অন্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!