ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৬ দফা দাবিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৭, ২৯ ডিসেম্বর ২০২৪
৬ দফা দাবিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মানববন্ধন
টাকা দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের মানববন্ধন

টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ১৮ হাজার বাংলাদেশি। তাদের মধ্যে অনেকেই টাকা ফেরত পাননি। একাধিকবার সরকারের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি।

এসব কারণে ৬ দফা দাবিতে মানববন্ধন করছেন টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

রোববার সকাল থেকে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে এ কর্মসূচি পালন করছেন তারা।

Advertisement

মানববন্ধন থেকে জানানো হয়, গত ৩১ মে মালয়েশিয়া প্রবেশের শেষ সময় হলেও অজানা কারণে এজেন্সি তাদের পাঠাতে পারেনি। এ পর্যন্ত একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও অনেকেই টাকা ফেরত পাননি। সেই অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা হয়নি। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের ৬ দফা দাবি হলো–

১. টাকা দিয়ে দুই বছর পার হলেও মালয়েশিয়া যেতে পারেননি। তারা আর মালয়েশিয়া যেতে চান না, টাকা ফেরত চান।
২. সিন্ডিকেটের ১০০ এজেন্সির লাইসেন্স বাতিল করে মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে।
৩. কর্মীদের সমস্যার সমাধান না করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখতে হবে।
৪. রিক্রুটিং এজেন্সির রক্ষাকবচ হিসেবে কাজ করা ট্রাভেল এজেন্ট, সাব এজেন্ট ও দালালদের অবিলম্বে গ্রেফতার, মন্ত্রণালয় ও বিএমইটিতে অভিযোগ করার তিন-চার মাস অতিবাহিত হওয়ার পরও নিষ্পত্তি না হওয়ার ব্যাখ্যা দিতে হবে।
৫. দালালদের দৌরাত্ম্য বন্ধে নির্ধারিত অভিবাসন ব্যয় সরকারি কোনো ব্যাংকে জমা নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. ক্ষতিপূরণ আদায় করে না দিতে পারলে সরকারকে ব্যর্থতার দায়গ্রহণ এবং সরকারি খরচে প্রত্যেককে মালয়েশিয়া ছাড়া অন্য যেকোনো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!