বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বলেন, আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ফুটপাতে রাস্তার ওপর থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি জানান, ঐ ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। নাম-পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানা যাবে বলেও জানান তিনি।
অন্যদিকে, ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, আমরা খবর পেয়ে ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ভবঘুরে প্রকৃতির ঐ নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত থেকে আরো এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, আমরা রাতে খবর পেয়ে জাতীয় ঈদগাহ মাঠের পাশের রাস্তার ফুটপাত থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঐ ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা কিংবা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।