ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুর থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর থেকে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর থানার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল।

অভিযানের নেতৃত্ব দেওয়া আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির আল আহসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, নাসির আহমেদ লিটন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হোসেন আলীর ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমণ্ডি থানায় জালিয়াতি ও প্রতারণার মামলা হয়।

পুলিশের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় লিটনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে নজরদারি চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের পাইকপাড়া এলাকায় লিটনের অবস্থান শনাক্ত হলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের আরও দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে লিটনের সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে অন্তত ১০টি হত্যা মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এসব মামলার পর তিনি এতদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশের ভাষ্য।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমণ্ডি থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

ওসি জানান, বুধবার দুপুরে লিটনকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!