রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় গ্রেপ্তার ৪
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে মামলাটি করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এর আগে শনিবার (১০ অক্টোবর) এ ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশ।
তবে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।