ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

তিন মাসে লিগ্যাল এইডের সহায়তায় ঢাকা জেলায় ২৪০ জনের জামিন

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ১৭ অক্টোবর ২০২৬
তিন মাসে লিগ্যাল এইডের সহায়তায় ঢাকা জেলায় ২৪০ জনের জামিন
সংগৃহীত ছবি

অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো বিচারপ্রার্থী যেন আইনি বিচার পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিনামূল্যে পূর্ণাঙ্গ আইনি সেবা দিয়ে পাশে দাঁড়াচ্ছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট ২৪০ জন অসচ্ছল হাজতি জামিনে মুক্তি লাভ করেছেন, যাদের অধিকাংশই দিনমজুর, রিকশাচালক, পোশাকশ্রমিক ও গৃহকর্মী।

ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে আইনি পরামর্শ, সরকারি খরচে মামলা পরিচালনা, উকিল ফিসহ মামলার সব খরচ মওকুফ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মতো সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। জমিজমা সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের ফৌজদারি ও দেওয়ানি মামলায় অসচ্ছল নাগরিকরা এই আইনি সুবিধা পাচ্ছেন।

আইনগত সহায়তা প্রদান আইন অনুসারে—যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার কম, কর্মক্ষম নন, ভূমিহীন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বিধবা, প্রবীণ, প্রতিবন্ধী, ভিক্ষুক কিংবা কারাগারে আটক আইনি সহায়তাহীন ব্যক্তিরা সরকারি আইনজীবীর সেবা পাওয়ার যোগ্য। এছাড়া নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচারের শিকার ব্যক্তিরা বার্ষিক আয়ের সীমা নির্বিশেষে সরাসরি এই সহায়তা পেয়ে থাকেন।

এ প্রসঙ্গে ঢাকা জেলার লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সায়েম খান জানান, কারাগারে অবস্থিত লিগ্যাল এইড ক্লিনিকের মাধ্যমে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বিনা খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় অবস্থিত অফিসে সরাসরি এসে, অনলাইনে কিংবা জাতীয় টোল ফ্রি হেল্পলাইন ১৬৬৯৯ নম্বরে কল করে বিচারপ্রার্থীরা এই সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!