ঢাকার ৯৮ বাস রুট কমে হচ্ছে ৩২, রোববার চালু হচ্ছে ৬টি
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং যাত্রীসেবার মান উন্নয়নে বাস রুট পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় ঢাকার বর্তমানে সচল ৯৮টি বাস রুটকে সমন্বয় করে ৩২টিতে নামিয়ে আনা হবে। প্রথম ধাপে রোববার (১ নভেম্বর) ছয়টি রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে বাকি রুটগুলোও নতুন ব্যবস্থার আওতায় আনা হবে। খবর বাসসের।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বিভিন্ন সড়কে একাধিক কোম্পানির বাসের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী ওঠানামা, নির্ধারিত স্টপেজ না মানা এবং অতিরিক্ত বাস চলাচলের কারণে দীর্ঘদিন ধরে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। অন্যদিকে কিছু এলাকায় চাহিদার তুলনায় পর্যাপ্ত বাস নেই।
এসব সমস্যা সমাধানে যাত্রীদের চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের তথ্য বিশ্লেষণ করে নতুন রুট পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রতিটি নির্ধারিত রুটে একটি কোম্পানির মাধ্যমে বাস পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম নেওয়া হয়েছে। বর্তমানে সচল ৯৮টি রুটকে পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে আনার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, যাত্রীদের প্রকৃত চাহিদা, সড়কের ধারণক্ষমতা ও যানবাহন চলাচলের তথ্য বিবেচনায় নিয়ে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, পরিকল্পিত ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য ।
সুত্র ঃ বাসস